
রাঙ্গামাটি:– রাঙ্গামাটির লংগদু উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং লংগদু জোনের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লংগদু জোনের জোন কমান্ডার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রেসক্লাব সভাপতি, সাংবাদিকবৃন্দ, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করা, জনসাধারণের যাতায়াত সহজ করা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় লংগদু উপজেলার ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে দক্ষিণ-পূর্ব দিকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত হেরিংবোন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজে যাতায়াতের সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে মানুষের যোগাযোগ আরও সহজ হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে লংগদুর সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।