
রাঙ্গামাটি:– জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। শনিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহসাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে সকালে নগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা ওলামা দলের আয়োজনে এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিকেলে রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের কথা রয়েছে। সন্ধ্যায় দলীয় কার্যালয়ের হলরুমে আলোচনা সভা এবং পরে জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটির বিভিন্ন উপজেলাতেও সপ্তাহব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণে বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। এ বছর ঘটনাটির ৫১ বছর পূর্ণ হলো। দিবসটি উপলক্ষে বিএনপি দেশজুড়ে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে।