
রাঙ্গামাটি :- রাঙ্গামাটির লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের উদ্যোগে কলেজটির অনুকূলে এ অনুদান প্রদান করেন জোন কমান্ডার।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় শিক্ষার প্রসার এবং লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এ আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের অংশ হিসেবে অনুদানের চার লাখ টাকা কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন অযোগ্য আমানত হিসেবে সংরক্ষণ করা হবে। সংশ্লিষ্টদের মতে, এই অর্থ সংরক্ষণের মাধ্যমে কলেজটির প্রয়োজনীয় শর্ত পূরণ হবে এবং নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু করার পথ সুগম হবে।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, লংগদু কলেজের অধ্যক্ষ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও প্রত্যাশা করা হয়, শিক্ষা ও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও লংগদু জোন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।