
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- এর সভাকক্ষে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের (এফএমআরটি) উদ্যোগে ‘Departmental Seminar on Scope of Fisheries’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সেমিনারে প্রধান আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেনকে স্বাগত জানান। প্রো-ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে ফিশারিজের গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্র অনেক প্রসারিত ও বিস্তৃত। সে প্রসারিত কর্মক্ষেত্রে স্থান করে নিতে শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করতে হবে। সেমিনার-সিম্পোজিয়ামের প্রতি শিক্ষার্থীদের অনেক আগ্রহ আছে। আমরা আশা করি এই সেমিনারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে এবং নিজেদেরকে গড়ে তুলতে পারবে। সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা ক্ষেত্রে আগ্রহ ও দক্ষতা অর্জনে উপকৃত হবে এবং ভবিষ্যতে কর্মক্ষেত্র বেছে নিতে দিকনির্দেশনা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে রাবিপ্রবি’র মতো সুন্দর ক্যাম্পাসের পরিবেশকে উপভোগ করে আন্তরিকতার সাথে পড়াশোনা করার এবং নৈতিক ও সুশিক্ষিত মানুষ হওয়ার আহবান জানান। তিনি তাঁর বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকতার জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদেরকে দেশে ও বিদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সায়েন্টিফিক অফিসার হিসেবে গবেষণা ইনস্টিটিউট ও নদী উপকেন্দ্রে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায়, নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের দেশ গড়ায় নিয়োজিত করার এবং মৎস্যসম্পদ উন্নয়নে মাঠ পর্যায়ের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি ফিশারিজ গ্র্যাজুয়েটদের দেশ-বিদেশে সাফল্য তুলে ধরে শিক্ষার্থীদেরকে ছোট ছোট টার্গেট নিয়ে কর্মজীবনে বড় কিছু সাফল্যের জন্য অগ্রসর হওয়ার জন্য বলেন। নদীমাতৃক বাংলাদেশে নদ-নদীর পাশাপাশি বিভিন্ন জায়গায় জলাশয় রয়েছে; যেখানে মাছ চাষের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে মাছের খামার গড়ার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, বেসরকারি ও আন্তর্জাতিক মৎস্য খামারে ফার্ম ম্যানেজার এবং সমুদ্রের মৎস্যসম্পদ নিয়ে শিক্ষার্থীদেরকে কাজ করার উৎসাহ প্রদান করেন।
সেমিনার প্রধান আলোচকের বক্তব্য শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও এফএমআরটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, আরআইএমসি এর পরিচালক (ভারপ্রাপ্ত) ও এফএমআরটি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি