
ডেস্ক রির্পোট:- একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। বাংলাদেশের চলচ্চিত্রে কিংবদন্তি এই অভিনেত্রীর অবদান অনস্বীকার্য। তাঁর অভিনয় যুগের পর যুগ মুগ্ধ করে রেখেছে দর্শককে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তিনি ছড়িয়েছেন তাঁর গুণের আলো। কাজ করেছেন বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায়ও। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি। সম্প্রতি এই কিংবদন্তি অভিনেত্রীকে ঘিরে দেশের গণমাধ্যমে একটি সংবাদ বেশ জোরেশোরে প্রচার হচ্ছে, আর সংবাদটি হলো ‘ববিতা নিজের বায়োপিক নির্মাণ করতে চান এবং এর জন্য প্রযোজক খুঁজছেন তিনি।’ সংবাদটি তাঁর নজরে আসার পর বেশ মনোক্ষুণ্ন হন তিনি। এ কারণে গতকাল বেশ ক্ষোভ ও আক্ষেপ জানিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাকে তিনি জানান, ‘আমি গত সপ্তাহে দেশে এসেছি মাত্র। গত প্রায় চারমাস ধরে কানাডায় আমার পুত্র অনিকের কাছে ছিলাম। পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা ভাইদের কাছেও গিয়েছিলাম। এখন দেশে এসে শুনছি আমার নামে সংবাদ প্রচার হচ্ছে, আমি নাকি নিজের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছি এবং এর জন্য প্রযোজক মানে অর্থলগ্নীকারক খুঁজছি। আমি জানতে চাই কেন আমাকে নিয়ে এমন মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ জানিয়ে বলব, বর্তমানে দেশে ভিউ বাণিজ্যের নামে যেভাবে মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে তাতে সংশ্লিষ্টদের মান-সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এই অপরাধ রোধে আপনারা কঠোর আইন প্রণয়ন করুন। এর আগে অনেক গুণী শিল্পীর মৃত্যুর গুজব রটিয়ে সবাইকে বিব্রত করেছে এই ভিউ ব্যবসায়ীরা। তা ছাড়া তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তাতে বিভ্রান্তিমূলক নানা অপপ্রচার চালিয়ে আসছে এই সংঘবদ্ধ ভিউ ব্যবসায়িরা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ষাটের দশকের শেষ দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রে আগমন ঘটে যশোরের ফরিদা আখতার পপি নামের এক কিশোরীর। যার চলচ্চিত্রে নাম রাখা হয় ‘ববিতা’। স্বাধীন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সর্বপ্রথম পুরস্কার লাভ করার গৌরব অর্জন করেন অভিনেত্রী সেই কিশোরী ফরিদা আখতার পপি অর্থাৎ ববিতা। শুধু প্রথমবারই পুরস্কার পাওয়া নয়, এরপর আরও দুইবার মোট একটানা তিনবার জাতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করে হ্যাট্রিক করেছিলেন অভিনেত্রী ববিতা। ষাটের দশকের শেষ দিকে (১৯৬৮) পরিচালক জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নীচে’ ছবির মাধ্যমে ববিতার চলচ্চিত্রে অভিনয় শুরু হয়। জহির রায়হান ছিলেন ববিতার আপন বড় বোন সুচন্দার স্বামী। সেই দুলাভাই জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটলেও প্রথম ছবি ‘জ্বলতে সুরুজ কি নীচে’ পরিচালক জহির রায়হান শেষ করতে পারেননি। এরপর আবারও জহির রায়হানের ‘সংসার’ ছবিতে কাজ করার সুযোগ পান। সেই সূত্রে ববিতার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘সংসার’। এ ছবিতে তিনি নায়ক রাজ্জাক ও নায়িকা সুচন্দার মেয়ের ভূমিকায় অভিনয় করেন। যেখানে টাইটেলে তাঁর নামছিল সুবর্ণা। ১৯৬৯ সালে তিনি নুরুল হক বাচ্চু পরিচালিত ‘শেষ পর্যন্ত’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। সেই ছবিতেই তিনি সুবর্ণা নাম বদলে ‘ববিতা’ নাম দিয়ে অভিনয় শুরু করেন। এভাবেই একজন যশোর থেকে আসা ঢাকার গেন্ডারিয়ায় পরিবারের সঙ্গে বসবাস করা সেই অতি সাধারণ কিশোরী পপি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ‘ববিতা’। বাংলা চলচ্চিত্রে একজন ববিতার পথচলা শুরু দর্শক মন জয় করে। ববিতার ক্যারিয়ারে আমজাদ হোসেন নির্মিত গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কসাই, জন্ম থেকে জ্বলছি ছবিগুলো চিরকাল বাংলাদেশের মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের মাস্টার পিস চলচ্চিত্র হিসেবে থাকবে। ‘গোলাপী এখন ট্রেনে’ চলচ্চিত্রটি ছিল ২০১৪ সাল পর্যন্ত জাতীয় চলচ্চিত্রের সর্বাধিক শাখায় রেকর্ড পুরস্কার পাওয়া একটি চলচ্চিত্র। ববিতার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য একটি চলচ্চিত্রের নাম ‘অশনি সংকেত’। ভারতীয় ক্যামেরাম্যান নিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকার এফডিসিতে এসে তাঁর প্রায় ১৫০ থেকে ২০০ ছবি তুলে নিয়ে যান। তাঁকে সত্যজিৎ রায় ছবি তুলতে পাঠিয়েছিলেন। এর কিছুদিন পর তাঁদের বাসায় ভারতীয় হাইকমিশন থেকে চিঠি আসে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়ে। সুচন্দা ও ববিতা তখন ভারতে যান সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে।
সত্যজিৎ তাঁকে দেখে অনেক লাজুক ভেবেছিলেন। তাই ইন্দ্রপুরের স্টুডিওতে আবার তাঁকে পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সত্যজিৎ বলেন, “আই অ্যাম সো হ্যাপি, আমি অনঙ্গ বউ আজকে পেয়ে গেছি। আমি ভাবতেও পারিনি, এই মেয়েটি সে দিনের সেই মেয়েটি। আজ এই মেয়ে সম্পূর্ণ অন্য মেয়ে। এই আমার অনঙ্গ বউ।” ববিতাও অনেক চাপের মুখে ছিলেন তাঁকে নেওয়া হয় কিনা। তিনি বলেন, “একজন অল্পবয়সি বাঙালি যা করে- ভিতরে ভিতরে অনেক মানত-টানত করে শেষে জানলাম, আই ওয়াজ সিলেক্টেড ফর দেয়ার মুভি।” ববিতা হলেন আমাদের চলচ্চিত্রের সময়ের সোনালি সময়ের সবচেয়ে আধুনিক ও ফ্যাশন সচেতন মেধাবী অভিনেত্রী। শিবলী সাদিকের ‘তিন কন্যা’ ছবিতে আমরা সর্বপ্রথম ও সর্বশেষ তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পাকে দেখতে পাই। সেখানেও তিন বোনের মধ্যে সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী ছিলেন ববিতা। লাভ ইন সিঙ্গাপুর, মিস লঙ্কা, দূরদেশ, প্রেমিক, অবুঝ হৃদয় চলচ্চিত্রগুলোর সেদিনের দর্শকরা ববিতাকে কখনো ভুলে যাবেন না। গ্রামীণ, শহুরে, সামাজিক অ্যাকশন, পোশাকি, রোমান্টিক সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করেন। স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজপড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন। তৎকালীন সময়ে তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেন। চিরকাল মনে-প্রাণে একজন ‘বাংলাদেশি’ চেতনার এই মেধাবী ও চিরস্মরণীয় অভিনেত্রী ২০১৫ সালে নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির পর নতুনধারার ডিজিটাল মানহীন চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে আজ অভিনয় থেকে দূরে আছেন।
ববিতাববিতার যত প্রাপ্তি
বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন এবং পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী ববিতা। তিনি প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন। বাঁদী থেকে বেগম (১৯৭৫), নয়নমণি (১৯৭৬), বসুন্ধরা (১৯৭৭), রামের সুমতি (১৯৮৫) এবং পোকামাকড়ের ঘরবসতি (১৯৯৬) ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পার্শ্ব অভিনেত্রী হিসেবে ‘হাছন রাজা’, ‘খোদার পরে মা’ ও ‘কে আপন কে পর’ ছবির জন্য জাতীয় পুরস্কার অর্জন এবং সর্বশেষ ২০১৬ সালে জাতীয় পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ (২০১৫)। নিজের প্রযোজনা সংস্থা ববিতা মুভিজ থেকে নির্মাণ করেছেন ‘ফুলশয্যা’, ‘আগমন’, ‘পোকামাকড়ের ঘরবসতি’র মতো জনপ্রিয় ও জাতীয় পুরস্কারে ভূষিত ছবিগুলো। পোকামাকড়ের ঘরবসতি ছবির জন্য শ্রেষ্ঠ প্রযোজকের জাতীয় পুরস্কারও পান তিনি। সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত (১৯৭৩) চলচ্চিত্রে ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন। ১৯৫৩ সালের ৩০ জুলাই যশোরে ববিতার জন্ম। পুরান ঢাকার গেন্ডারিয়ায় তাঁর বেড়ে ওঠা। প্রকৃত নাম ফরিদা আক্তার পপি। ২০২৬ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক লাভ করেন ববিতা।বাংলাদেশ প্রতিদিন