
ডেস্ক রির্পোট:- আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের শিকার ২০০ মানুষের এখনো কোনো সন্ধান মেলেনি। তাঁদের অনেককে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লাশ উদ্ধার না হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে নিশ্চিত হতে পারেননি স্বজনরা। এসব গুম ও হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধানে চলছে সম্মিলিত তদন্ত। এর মধ্যে বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিভিন্ন সময়ে গুমের ঘটনা রয়েছে। এসব ঘটনায় একই ধরনের প্যাটার্ন পাওয়ায় এগুলোকে ‘ব্যাপক ও পদ্ধতিগত’ অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত শেষ করতে পাঁচজন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছেন।
একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমখুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের তথ্য সংগ্রহে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। প্রসিকিউশন ও তদন্ত সংস্থার উচ্চপর্যায়ের একটি দল সংশ্লিষ্ট জেলাগুলোয় গণশুনানি করবে। এসব শুনানিতে ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হবে।
গতকাল চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের স্বাক্ষরে পাঠানো চিঠিতে গণশুনানির এ উদ্যোগের কথা জানানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার চালিয়ে ভুক্তভোগী পরিবারগুলোকে শুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানাতে বলা হয়েছে। জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
গণশুনানিতে সহযোগিতা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কাছেও চিঠি পাঠানো হয়েছে। গণশুনানিতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের তুলে নেওয়ার ঘটনা, সম্ভাব্য আটকস্থল, নির্যাতন এবং পরবর্তী সময়ে পাওয়া তথ্য তুলে ধরতে পারবেন। একই সঙ্গে হত্যার ঘটনা, লাশ গোপন, অপরাধস্থল ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। প্রসিকিউশন মনে করছে, এসব তথ্য চলমান তদন্তে নতুন সূত্র তৈরি করতে পারে এবং দীর্ঘদিন নিখোঁজ ব্যক্তিদের পরিণতি অনুসন্ধানে সহায়ক হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘গুমের তদন্ত ব্যাপক হওয়ায় শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের কার্যক্রম চলছে। এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা করছি আমরা। এরপর গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘এরই মধ্যে কিছু গুমের মামলার বিচার চলছে। বেশ কয়েকটি শুনানি পর্যায়ে রয়েছে। গুমের ওপর আইন পাস হয়েছে। অর্থাৎ ব্যাপক ও পদ্ধতিগত যেসব গুমের অপরাধ রয়েছে, সেসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।’
তদন্তাধীন মামলার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ অন্য সব গুমের মামলার তদন্ত চলমান রয়েছে। বিশেষত গুমের শিকার ২০০ জনের মতো ভুক্তভোগীর এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁরা বেঁচে আছেন কি না, নিশ্চিত নয়। তাই আমরা সব গুমের বিষয়ে সম্মিলিত তদন্ত করছি।’
নদীতে ফেলে দেওয়া হতো লাশ : গুম ও হত্যার ভয়াবহ চিত্র উঠে এসেছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলা মামলার যুক্তিতর্কেও। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্তে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। তবে সাক্ষীদের বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগ উঠে এসেছে।
প্রসিকিউশনের দাবি, বিভিন্ন অভিযানের নামে মানুষকে তুলে নিয়ে বলেশ্বর নদের মোহনায় হত্যা করা হতো। পরে লাশের সঙ্গে সিমেন্টের বস্তা বেঁধে নদে ফেলে দেওয়া হতো, যাতে লাশ ভেসে না ওঠে।’ এ কারণে অনেকের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। সাক্ষীদের জবানবন্দিতে হত্যার পর লাশ গোপন করার এমন একাধিক ঘটনার বিবরণ এসেছে।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, সুন্দরবনে জলদস্যু দমনের অভিযানের নামেও হত্যাকাণ্ড চালানো হয়েছে।
সম্মিলিত তদন্তে ২০০ গুম : প্রসিকিউশনের তথ্যানুযায়ী, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ২০১১ থেকে ২০২৪ সালের আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন সময়ে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে ৩ শতাধিক অভিযোগ দাখিল হয়েছে। এর মধ্যে যাচাইবাছাই করে ২০০ ঘটনা একসঙ্গে করে একটি আনুষ্ঠানিক অভিযোগে আনা হচ্ছে। এ ২০০ জন জীবিত না মৃত নিশ্চিত হওয়া যায়নি। দায়ের হওয়া অভিযোগগুলোর মধ্যে ১৫০ জন গুমের ঘটনায় ‘মায়ের ডাক’ এবং ৬০টি ‘আমরা গুম পরিবার’ অভিযোগ দাখিল করেছে। বিএনপির পাশাপাশি বিভিন্ন ব্যক্তিসংগঠন থেকে সব মিলিয়ে ৩ শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। গুমখুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল : আওয়ামী লীগ সরকারের আমলে গুমখুন বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, বরং ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে সরকারের নীতির অংশ ছিল বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাঁর দাবি, এসব অপরাধের নীতি এসেছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আর তা বাস্তবায়ন ও বিভিন্ন প্যাটার্ন তৈরি করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্কে এসব কথা বলেন তিনি। আজ অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রসিকিউশনের পক্ষে সমাপনী বক্তব্য উপস্থান করবেন বলে জানা গেছে।
প্রসিকিউটর তামিম বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশকারী, এমনকি সমাজমাধ্যমে সমালোচনা করা ব্যক্তিদের তুলে নেওয়ার নীতি ছিল। এর উদ্দেশ্য ছিল ক্ষমতা ধরে রাখা এবং সম্ভাব্য প্রতিবাদীদের দমন করা।’
সরকারি নীতির প্রমাণ হিসেবে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন তিনি। প্রতিবেদনের ৪৪ ও ৪৫ পৃষ্ঠা তুলে ধরে প্রসিকিউটর বলেন, ‘পুলিশ সদর দপ্তর, বগুড়া পুলিশ লাইনসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার স্থাপনায় গোপন বন্দিশালা ছিল। গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রেখে নির্যাতন করা হতো।’ প্রতিবেদনে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, গুমের ঘটনায় সবচেয়ে বেশি র্যাবের নাম এসেছে। পুলিশকে রাজনীতিকীকরণ করে সরকারের নীতি বাস্তবায়নে ব্যবহার করা হয়েছিল।
গুম কমিশনের প্রতিবেদনে উদ্ধৃত দুই ভুক্তভোগীর বর্ণনাও আদালতে তুলে ধরেন তামিম। তাঁদের একজনকে ঢাকা পুলিশ সদর দপ্তরের একটি কক্ষে প্রায় এক সপ্তাহ এবং অন্যজনকে বগুড়া পুলিশ লাইনসের নিচতলার একটি হলরুমে প্রায় চার মাস আটকে রাখা হয়েছিল। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি এবং পরিবারের সদস্যদের তুলে নেওয়ার ভয় দেখানোর অভিযোগ রয়েছে।