
রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সুপেয় পানি ও নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলেন, পাহাড়ে দীর্ঘস্থায়ী পানি সংকটের অন্যতম কারণ প্রাকৃতিক বন ধ্বংস করে অবাধে সেগুনসহ বিভিন্ন বাগান গড়ে তোলা। অন্যদিকে, নিরাপদ স্যানিটেশনের অভাবে পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠী ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাঙ্গামাটি শহরের কে কে রায় সড়কের আশিকা কনভেনশন পার্কে ‘সর্বজনীন স্যানিটেশন পরিষেবা: দুর্গম ও পাহাড়ি জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা এবং বাস্তবতা’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ, এসকেএস ও ফানসার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন প্রোগ্রেসিভের মুখ্য নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।
সংলাপে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, আশিকা এনজিওর উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদার এবং সিআইপিডির নির্বাহী পরিচালক পলাশ খীসা। মূল ধারণাপত্র উপস্থাপন ও সংলাপ পরিচালনা করেন সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম রাঙ্গামাটির সদস্য নুকু চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সংকটের পাশাপাশি নিরাপদ ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দুর্গম ও প্রান্তিক এলাকায় পানির অভাবের কারণে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার ও রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে। ফলে এসব এলাকার মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন। এখনো পাহাড়ে ডায়রিয়ায় মানুষের মৃত্যু ঘটছে, যা উদ্বেগজনক।
তাঁরা আরও বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ থাকলেও দুর্গম এলাকায় প্রয়োজনের তুলনায় স্যানিটেশন কার্যক্রম সীমিত। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা ও যথাযথ ব্যবস্থাপনার অভাবও সংকটকে বাড়িয়ে তুলছে। শুধু দুর্গম পাহাড়ি জনপদ নয়, রাঙ্গামাটি পৌর এলাকাতেও শৌচাগারের অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কাপ্তাই হ্রদের পানি দূষণের অন্যতম কারণ হয়ে উঠছে।
সংলাপে বক্তারা পাহাড়ের প্রাকৃতিক বন সংরক্ষণ, অপরিকল্পিত সেগুন বাগান সৃষ্টির প্রবণতা নিয়ন্ত্রণ, সুপেয় পানির উৎস রক্ষা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্যানিটেশন খাতে বরাদ্দ বাড়ানো এবং মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার দাবি জানান তাঁরা।
এ সময় হেডম্যান পুষ্প তালুকদার, কার্বারি শান্তনা খীসা, উন্নয়নকর্মী বিটু দত্ত, রিতা চাকমা, বিপ্লব চাকমা, এ্যানি চাকমা, টিআইবি রাঙ্গামাটির ম্যানেজার বেনজিন চাকমা, সাপছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুনীল কুমার চাকমা, সুরেশ চাকমা ও যুবনেতা বিটন চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।