
রাঙ্গামাটি:- চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার আপস্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক (শনিবার) হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোঠায়। এতে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের প্রায় কোটি টাকার বেচাকেনা থেকে বঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) কাপ্তাই ৪ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আপস্ট্রিম জেটিঘাটে পাহাড়ি-বাঙালি নামে পরিচিত এই সাপ্তাহিক হাট বসে। সপ্তাহের একদিনের এ বাজারে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ নিজেদের বাগানে উৎপাদিত কাঁচামাল, ফলমূলসহ বিভিন্ন পণ্য নিয়ে কেনাবেচা করেন। একদিনের এ বাজারে প্রায় কোটি টাকার বেচাকেনা হয়ে থাকে।
কিন্তু গত ১৫ থেকে ২০ দিন ধরে পাহাড়ের একটি সংগঠন হাটের ইজারাদারের কাছে চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ উঠেছে। ইজারাদার ও বাজার ব্যবসায়ীরা দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর ফলে ওই সংগঠনের বাধা ও নিষেধের কারণে পাহাড় থেকে বিভিন্ন বাগানের উৎপাদিত ফলমূলসহ পণ্য নিয়ে যেসব পাহাড়ি কৃষক ও ব্যবসায়ী আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক শনিবারের বাজারে আসতেন, তাঁদের আসা বন্ধ হয়ে যায়।
সাপ্তাহিক বাজারে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানের বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা তাঁদের পণ্য নিয়ে এলেও বিলাইছড়ি, ফারুয়া, রাঙ্গামাটি সদরসহ কাপ্তাই উপজেলার আশপাশের এলাকার পাহাড়ি কৃষক ও ব্যবসায়ীরা আসেননি। ফলে বাজারে কোটি টাকার লেনদেন বন্ধ হয়ে যায়। এতে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের ব্যবসায়ী ও কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মত প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবারের সাপ্তাহিক হাটে ক্রেতাদের উপস্থিতি ছিল প্রায় শূন্য। রাউজান থেকে ফুলকপি, কাঁচামরিচ ও মুলা নিয়ে আসা ব্যবসায়ী জমির জানান, তিনি শুনেছেন পাহাড়ি সংগঠন জেএসএস কাপ্তাইয়ের ইজারাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। দাবিকৃত টাকা না দেওয়ায় ভয়ে পাহাড়ি ব্যবসায়ীরা বাজারে আসেননি।
একই কথা জানান রাঙ্গুনিয়ার সবজি ব্যবসায়ী সবজি।
নাম প্রকাশ না করার শর্তে কাপ্তাই জেটিঘাটের একজন ইজারাদার জানান, জেএসএস সংগঠনের লোকজন তাঁদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে ভয়ে কোনো পাহাড়ি ব্যবসায়ী, কৃষক কিংবা সাধারণ মানুষ ফলমূল নিয়ে সাপ্তাহিক বাজারে আসছেন না। ফলে উভয় সম্প্রদায়ের কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসন একটি সুষ্ঠু পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তবে এ বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।