
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার ও জনবিরক্তিকর কার্যক্রমের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসেবনের সন্দেহে আটক এক যুবককে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তবলছড়ি এলাকার মো. তৌহিদুল ইসলামকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রিজার্ভ বাজারের মমিন উদ্দিন ও তবলছড়ির মামুনুর জামান রুবেলকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ভেদভেদী এলাকার মো. ফারুককে জনবিরক্তিকর কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদকসেবনের সন্দেহে আটক মানিকছড়ির উন্দ্রজিত বড়ুয়া ইমন নামে এক যুবককে যাচাই-বাছাই শেষে তার ডিগ্রি পরীক্ষা চলমান থাকায় এবং অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কোতয়ালী থানা পুলিশ।