
বান্দরবান:- বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এসময় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, চিকিৎসা পরামর্শ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন
রবিবার ( ২০ সেপ্টেম্বর) ৫৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৯ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার মাদকভিটাপাড়া গ্রামের থুই মা চিং মারমা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। একই এলাকায় আরও ১০ থেকে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানতে পারে বিজিবি। খবর পেয়ে ৫৭ বিজিবির একটি টহল দল ও মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি অন্য রোগীদেরও প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
দুর্গম এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে একটি মেডিকেল টিম পাঠানো হয়। আজ ৫৭ বিজিবির মেডিকেল অফিসারের নেতৃত্বে ওই দলটি ঘটনাস্থলে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত ও অসহায় পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেয়। এ সময় তাঁদের মধ্যে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।ই-পেপার সাবস্ক্রাইব করুন
৫৭ বিজিবি জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দায়িত্বপূর্ণ অন্যান্য এলাকাতেও মেডিকেল ক্যাম্প ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে বিজিবি।
বিজিবির কর্মকর্তারা বলেন,দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এসব কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।