
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদক সেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবএর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১১ জনকে মাদক কারবারি এবং ৭ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারির অভিযোগে আবদুর রহমান, নুর নবী, মানিক উদ্দীন, সৌরভ, কাঞ্চন মজুমদার, রঞ্জিত বড়ুয়া, আল আমিন ব্যাপারি, মিজান, ইয়াছিন, নুর মোহাম্মদ ও মামুন রয়েছেন।
অন্যদিকে মাদক সেবনের অভিযোগে পূর্ণ প্রিয় চাকমা, লিটন চাকমা, অদিব ত্রিপুরা, মংকিউ রোয়াজা, দয়াল মনি চাকমা, মোহাম্মদ সাগর ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ১ ও ২ নম্বর এবং ১২ থেকে ১৫ নম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদেরও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ বলছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।