
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ চোরাই ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে উপজেলার টিএনটি কলোনি মোড় সংলগ্ন মারাত্মক পাহাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালায়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির জোয়ানরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং শতাধিক কার্টন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে।
পুরো অভিযানের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোন কমান্ডার বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।