
ডেস্ক রির্পোট:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসবিরোধী আকস্মিক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা, আদর্শনগর, নিমাইকাশারি ও বাগমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি চলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকসহ জেলা পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।