
বাঘাইছড়ি:- পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা জোন (২৭ বিজিবি) এক মানবিক ও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
অদ্য ০৭ অক্টোবর ২০২৬ তারিখে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কমলাপাড়া, হারিনাছড়া এবং ওল্ডলংকর পাড়া এলাকায় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণ ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় অসহায় পরিবারগুলোর স্বাবলম্বিতা ও মানোন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। কর্মসূচির অধীনে:
কমলাপাড়া এলাকা: স্বাবলম্বী করার লক্ষ্যে জুলিয়ে কারবারিকে ১টি সেলাই মেশিন এবং আর্থিক স্বচ্ছলতা ফেরাতে অঞ্জনা দেবীকে নগদ অর্থ প্রদান করা হয়।
ওল্ডলংকর এলাকা: ওল্ডলংকর বিওপির আওতাধীন এলাকার বাসিন্দা অঞ্জলি পাংখোয়াকে ১টি সেলাই মেশিন এবং উন্নত চিকিৎসার সুবিধার্থে অংকু পাংখোয়াকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করছেন জোন কমান্ডার।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি সবসময় জনকল্যাণমুখী নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। পাহাড়ে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে অব্যাহত থাকবে।”