
রাঙ্গামাটি:- “সুস্থ মা, নিরাপদ শিশু”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর উদ্যোগে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
জুরাছড়ি জোন সদর-এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুস সাকিব, এএমসি এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মুনতাসির আলমের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী অংশগ্রহণ করছেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
প্রশিক্ষণে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ধারণা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।