
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ নয়জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে এদের আটক করা হয় বলে জানা গেছে। লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিৎ দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন আটককৃতদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাঙ্গামাটির রির্জাব বাজার থেকে স্পিডবোট যোগে বার জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় নয়জনকে আটক করা হয়। তবে তিনজন ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হন বলে জানা গেছে। আটককৃতরা হলো ১) মোঃ সাব্বির, ২) নুমাইর, ৩) শাওন, ৪) আব্দুল হাফেজ,৫) নুরুল আমিন, ৬) মোঃ হোসেন, ৭) তৈয়ব, ৮) সাবিকুন, ৯) তহুরা।
আটককৃতরা নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন এবং নিজেদের রোহিঙ্গা হিসেবে দাবি করেছেন। আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছিলেন এবং তাদের সঙ্গে থাকা অন্য তিনজনের পরিচয় কী, এসব বিষয়ও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লংগদু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।