
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।Geographic Reference
বুধবার (২ সেপ্টেম্বর) মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মারিশ্যা উপজেলাধীন মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টহল দল পরিত্যক্ত অবস্থায় ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ এবং ৭.৮৮ ঘনফুট গামারী কাঠসহ সর্বমোট ৭২.৫৬ ঘনফুট কাঠ জব্দ করে। উদ্ধারকৃত এই কাঠের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) প্রায় ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত আভিযানিক কার্যক্রম চালিয়ে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব উপায়ে চোরাচালানের চেষ্টা বৃদ্ধি করায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।