রাঙ্গামাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দরুদ ও সালাম পাঠ করেন। র‌্যালিকে ঘিরে শহরের বিভিন্ন সড়কের দুই পাশে সাধারণ মানুষের উপস্থিতিও দেখা যায়।
র‌্যালি শেষে বনরূপা জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় তকরির করেন মাওলানা আব্দুল আলিম রিজভী, অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্টানে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য ও মানবতা প্রতিষ্ঠা করেন। মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে জশনে জুলুসও রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলী আকবর। স্বাগত বক্তব্য দেন জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব মো. শামীম জাহাঙ্গীর।
এ সময় আরও বক্তব্য দেন বনরূপা জামে মসজিদের খতিব ইকবাল হোসেন আলকাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব আবু নওশাদ নোমানী এবং রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জসিম উদ্দিন নূরী। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর আগমন ও তাঁর মহান আদর্শকে স্মরণ করতেই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসের আয়োজন করা হয়েছে। তাঁর জীবন ও শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জশনে জুলুসকে ঘিরে রাঙ্গামাটি শহরে দিনভর উৎসবমুখর ও ধর্মীয় আবহ বিরাজ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions