মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জ্বালানি সঙ্কট মোকাবিলায় সহায়তা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি দেয়ার পর ফোন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান তারেক রহমান। এরপর দেশটির প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চিঠিটি আজ তাঁর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন কুয়ালালামপুরে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। বাংলাদেশ সংবাদ

এরপর বেলা দুইটায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে দ্রুততম সময়ে টিম-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন।
তিনি জানান, জ্বালানি ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের যে গ্যাপ আছে, সেটি নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। মালয়েশিয়া থেকে আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে। তাদের অভিজ্ঞতা, রিসোর্স দিয়ে কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, দেশি বিশেষজ্ঞরা এফএসআরইউ-এর ত্রুটি সমাধানে প্রাণান্তকর চেষ্টা করছেন। আশা করছি, আগামী সপ্তাহের প্রথমে ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে এবং পরবর্তী সপ্তাহের শেষে পুরো এফএসআরইউ ফাংশনাল হবে।

এদিকে স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার এক ফেসবুক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে বর্তমানে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে দেশটিতে জরুরি ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস-এর মাধ্যমে সহযোগিতার অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও, আলোচনায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান ‘আক্সিয়াটা’র চলমান বিনিয়োগের অগ্রগতি এবং এমএমসি পোর্ট’-এর সাথে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং উভয় দেশের জনগণের সুফল নিশ্চিত করার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions