
রাঙ্গামাটি :- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাঙ্গামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের আটক করা হয়।
জানা গেছে, বাঘাইছড়ির একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে আদালত থেকে বের হওয়ার পর কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থানকালে সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, বৃষকেতু চাকমার বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলাও রয়েছে। গত ৯ মার্চ দায়ের হওয়া ওই মামলায় তাকে প্রধান আসামিদের একজন করা হয়। মামলাটির বাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।