
ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়; এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্যের প্রশ্ন গভীরভাবে জড়িত। দীর্ঘদিনের ভূমি বিরোধ, রাজনৈতিক অবহেলা, পার্বত্য শান্তিচুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থের কারণে এ সংকট ক্রমেই জটিল হয়ে উঠছে। এর সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ, কার্যকর রাষ্ট্রীয় উপস্থিতি, অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব ও জাতীয় ঐকমত্য প্রয়োজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আলোচনায় বক্তব্য দেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (FSDS) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান ও ব্যারিস্টার জারা কাদির।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। পাহাড়ের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে।
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কিংবা ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে কি না, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তিনি বলেন, শুধু বক্তব্য বা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি রাষ্ট্রের কার্যকর উপস্থিতি, নিরাপত্তা, উন্নয়ন ও জনগণের আস্থা নিশ্চিত করতে হবে।
পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকটের অন্যতম প্রধান কারণ ভূমি বিরোধ। এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থও জড়িত। শান্তিচুক্তির কার্যকারিতা ও সীমাবদ্ধতা পুনর্মূল্যায়নের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে পাহাড়ের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে হবে। পার্বত্য চট্টগ্রামকে শুধু আঞ্চলিক সমস্যা নয়, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।
সাংবাদিক ও লেখক আবু রুশদ বলেন, স্বাধীনতার পর পাহাড়ের জনগোষ্ঠীর জাতিগত পরিচয় ও স্বাতন্ত্র্যের প্রশ্ন যথাযথ রাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা হয়নি। পার্বত্য চট্টগ্রামের সংকট মূলত রাজনৈতিক; তাই সামরিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচার দমন-পীড়নের মানসিকতা পরিহার করতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট শুধু সেনাবাহিনীর ওপর ছেড়ে দিলে হবে না; এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। ভূমি ব্যবস্থাপনা, নাগরিক পরিচয় ও সংসদে পাহাড়ের জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ভালোবাসা, আস্থা ও সমমর্যাদার ভিত্তিতে এ সংকটের সমাধান করতে হবে।
মেজর (অব.) ডেল এইচ খান বলেন, জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের পাহাড়ের মানুষের বাস্তব সমস্যা সম্পর্কে জানতে সেখানে নিয়মিত যাওয়া প্রয়োজন। ভূমির মালিকানা ও ব্যবস্থাপনার জটিলতা নিরসনে পূর্ণাঙ্গ ভূমি জরিপ জরুরি। পাশাপাশি পার্বত্য শান্তিচুক্তির কার্যকারিতা পর্যালোচনা এবং পাহাড়ের সব জনগোষ্ঠীর অধিকার ও সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও রাজনৈতিক স্বার্থের কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সংকট জিইয়ে রয়েছে। এর সমাধানে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় স্বার্থভিত্তিক রাষ্ট্রীয় নীতি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন ও সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি