
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক কারবারি ও ২ মাদকসেবীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেতু চাকমা, মো. আরমান ও তরপন চাকমাকে মাদক সেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আরাফাত ইসলাম তারেক ও সাইফুল ইসলামকে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়। এছাড়া মো. কামাল উদ্দিন ও মো. নুর মিয়াকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।