
রাঙ্গামাটি:- পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে রাঙ্গামাটিতে শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
জেলার ১০ উপজেলা থেকে বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের নিয়ে গঠিত ১০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ইউপিডিএফকে দমনে সেনাবাহিনীর প্রয়োজন হবে না, সাধারণ মানুষই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
ইউপিডিএফ নেতা ও মুখপাত্র মাইকেল চাকমার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাহাড়ে দুর্যোগসহ বিভিন্ন সময়ে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়ালেও ইউপিডিএফ মানুষের পাশে দাঁড়ায়নি। তার অভিযোগ, সংগঠনটি চাঁদাবাজি করলেও সেই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করে না।
তিনি বলেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
আয়োজকরা বলছেন, খেলাধুলার মাধ্যমে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি তাদের মাদক থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহম্মদ, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতার পাশাপাশি এই টুর্নামেন্ট পাহাড়ের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নতুন বার্তা ছড়িয়ে দেবে।