
রাঙ্গামাটিতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সচেতনতার আহ্বান
রাঙ্গামাটি—–
রাঙ্গামাটিতে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে ওষুধ ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটিতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আয়োজিত এ সভায় জেলার এ্যালোপ্যাথিক ওষুধ ব্যবসায়ী, মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন দোকান, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভ্যাকসিন, সরকারি ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি আনরেজিস্টার্ড ফুড সাপ্লিমেন্ট বিক্রি প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করা হয়।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রাঙ্গামাটি শাখার সভাপতি মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম।
সভায় বক্তব্য দেন বিসিডিএস রাঙ্গামাটি শাখার সম্পাদক বিপ্লব বড়ুয়া, কনিষ্ঠ বড়ুয়া, কল্যাণ চৌধুরী এবং সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শামসুল আলম।
বক্তারা বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি বন্ধে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে।