
রাঙ্গামাটি:– গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির জেলা আহ্বায়ক কমিটি।
বুধবার সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি পার্বত্য জেলা আহ্বায়ক কমিটির আহবায়ক উজ্জল চাকমা। তিনি বলেন, আমাদের লড়াই-সংগ্রামের দীর্ঘ ২৪ বছর উদযাপন করছি আমরা। আমরা শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছি এবং এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আহবায়ক কমিটির সদস্য সচিব দিবাকর চাকমা বলেন, ২০০২ সালে গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৬ সালে সংগঠনটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। সংগঠনের ২৪ বছর পূর্তিতে আমরা কৃষক, শ্রমিক ভাইদের শ্রম ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
বক্তারা গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা, দীর্ঘ পথচলা ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের দুই যুগ পূর্তি উপলক্ষে ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করেন। এ সময় গণসংহতি আন্দোলনের রাঙ্গামাটি পার্বত্য জেলা আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।