
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেলে উপজেলার পোমরা জিয়ানগর এলাকায় অবস্থিত সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মুহাম্মদ অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, সহ-সভাপতি জ্যোতি চাকমা, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, রানা পাল, মুহাম্মদ সুমন হোসেন, ইসহাক, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, যুগ্ম সম্পাদক হাসান ইমরান, শফিকুল ইসলাম, সাজিত ইমতিয়াজ এবং দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি। এছাড়াও রাঙ্গামাটি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম শাকিলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। রাঙ্গামাটি জেলা ছাত্রদলকে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
নবগঠিত কমিটি ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এটি একটি আংশিক কমিটি এবং এতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। যারা পদ পাননি, তারাও দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং যোগ্যতার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটিতে তাদের মূল্যায়ন করা হবে। তারা আরও জানান, সংগঠনে কোনো ধরনের গ্রুপিংয়ের রাজনীতি থাকবে না; সবাইকে সঙ্গে নিয়েই সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এ সময় রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।