
বান্দরবান:- বান্দরবানে অস্ত্রের মুখে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে ৩ রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটারপাড়ার বাসিন্দা মো. ছিদ্দিকের পুত্র নুরুল ইসলাম (২০), আনোয়ারের পুত্র এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার পুত্র হাসান (২০)। এরা সবাই রোহিঙ্গা বলে জানা যায়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বাইশারী ইউনিয়নের আলেক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় গড়ে তোলা আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টারে মুখোশ পরিহিত অস্ত্রধারী ১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। অস্ত্রের মুখে স্টাফ কোয়ার্টারে থাকার ১০ জন শ্রমিককে জিম্মি করে রেখে ৩ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অস্ত্রধারীরা শ্রমিকদের কাছ ৫টি মোবাইল ফোন, ২টি দা এবং ৩টি টর্চলাইট ছিনিয়ে নিয়ে যায়।
আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু বলেন, বাগানের শ্রমিক নুরুল ইসলাম ফোন করে অপহরণের বিষয়টি আমাকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি।
প্রত্যক্ষদর্শী বাগানের টেপার নুরুল ইসলাম বলেন, হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ পেয়ে আমরা জেগে ওঠি। দরজা খুলতেই মুখোশধারী অস্ত্রধারীরা আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বাগানের ৩ জনকে তুলে নিয়ে যায়। আমরা কেউই প্রতিরোধ করতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে নেমেছে অপহৃতদের উদ্ধারে। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না। ওই এলাকায় আফসার গ্রুপ সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে।