
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের রূপনগর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত শত শত পরিবারের উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে এবং পুনর্বাসনসহ স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রূপনগর এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাসিন্দারা তাদের উদ্বেগ, ক্ষোভ এবং দাবির কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রূপনগর এলাকার বাসিন্দারা কয়েক দশক ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
এই এলাকা শুধু তাদের বসবাসের স্থান নয়, বরং তাদের পূর্বপুরুষের স্মৃতি, সামাজিক বন্ধন এবং জীবিকা নির্বাহের প্রধান কেন্দ্র।
কিন্তু সম্প্রতি কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই তাদের উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের জন্য চরম অনিশ্চয়তা ও অস্তিত্ব সংকট সৃষ্টি করেছে।
বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে শত শত পরিবার, বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়বেন।
তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হবেন, যা একটি অমানবিক পরিস্থিতির জন্ম দেবে।
এছাড়া, উচ্ছেদের ফলে এলাকার স্কুলগামী শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে এবং শ্রমজীবী মানুষের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।


বক্তারা আরও বলেন, যথাযথ পুনর্বাসন ছাড়া কোনো নাগরিককে তার আবাসস্থল থেকে উচ্ছেদ করা বাংলাদেশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।
সংবাদ সম্মেলন থেকে স্থানীয় প্রশাসনের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
প্রথমত, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অবিলম্বে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, যদি জনস্বার্থে এলাকাটি প্রয়োজন হয়, তবে প্রতিটি পরিবারকে সম্মানজনক স্থানে পুনর্বাসন এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোর জন্য ভূমির স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান করতে হবে।
চতুর্থত, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মানবিক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে।
বক্তারা স্পষ্ট করে বলেন, তারা উন্নয়নের বিরোধী নন, তবে উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত বাসিন্দারা জানান, তারা কোনো ধরনের সংঘাতে যেতে চান না; বরং নিজেদের বসবাসের অধিকার রক্ষা করতেই এই উদ্যোগ নিয়েছেন।
তবে তাদের দাবি উপেক্ষিত হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন।
শেষে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যম তাদের এই ন্যায্য দাবি দেশবাসীর সামনে তুলে ধরবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।