
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ পুলিশের ভারী সাঁজোয়া যান বা আমর্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মনে কৌতুহল ও আতঙ্ক তৈরি হয়। সোমবার শহরের মারী স্টেডিয়াম ও হাসপাতাল সড়কের পাশে পুলিশের ভারী সাঁজোয়া যানগুলো অবস্থান করছিলে।
পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হুট করে শহরে বড় সামরিক আকারের এসব যান দেখে নানা ধরনের গুজব ডালপালা মেলতে শুরু করে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আহ্বান জানিয়ে এক জরুরি তথ্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য এলাকায় সাঁজোয়া যান মোতায়েনের খবরটি সঠিক নয়। মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর আগে পুলিশ সদস্যদের প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণের অংশ হিসেবেই এসব এপিসি রাঙামাটিতে আনা হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের অংশ হিসেবে পুলিশের নির্দিষ্ট কন্টিনজেন্টকে পার্বত্য এলাকার বিশেষ ভৌগোলিক পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আগামী ১৫ দিন রাঙামাটির বিভিন্ন স্থানে এই যানগুলো দিয়ে নির্ধারিত প্রশিক্ষণ চলবে। কার্যক্রম শেষ হওয়ার পর আনুমানিক দুই সপ্তাহের মধ্যে এপিসিগুলো ঢাকায় ফিরিয়ে নেওয়া হবে।
কোনো ধরনের যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্পূর্ণ, বিভ্রান্তিকর তথ্য বা গুজব প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ। একই সাথে সঠিক তথ্য জেনে তা প্রচার করার আহ্বান জানানো হয়েছে।