
বাঘাইছড়ি প্রতিনিধি:–টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর উপচে পড়া পানি লোকালয়ে প্রবেশ করায় উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। অনতিবিলম্বে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গেট খুলে দেওয়া না হলে পুরো বাঘাইছড়ি ও আশপাশের এলাকা এক ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পুরাতন মারিশ্যা, মাস্টার পাড়া, মাদ্রাসা পাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন শত শত পরিবার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে কাপ্তাই বাঁধের গেইট খুলে দেয়াসহ দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা ও জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসীরা।