
রাঙ্গামাটি:- ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটকের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটিতে কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানবববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর দে, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ দে, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, বড়–ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়–য়া, উদীচি শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি আশীষ কুমার বড়–য়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দেসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, একজন সাংবাদিকের নামে কোনও মামলা, সমন ছাড়াই সাদা পোশাকে তুলে নেওয়া জুলাই চেতনার পরিপন্থী। আগে এই ধরনের কালচার এই দেশে চালু থাকলেও চব্বিশের পর নতুন বাংলাদেশে এই ধরনের কার্যক্রম কেউ মেনে নিবে না। কিন্তু আমরা দেখতে পারছি এখনো কোনও সমন, মামলা ছাড়া সাংবাদিক তুলে নেওয়ার রীতি চালু রয়েছে। বক্তারা এসময় দ্রুত সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর সাইবার সুরক্ষা ও পর্নোগ্রাফি মামলায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার করে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের একটি দল। একই সময় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সন্দেহভাজন হিসেবে আটক করে নিয়ে যায়।