বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

বান্দরবান:- জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ১১৪টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে’র যৌথ উদ্যোগে আজ সোমবার বান্দরবান সদর ইউনিয়নের রেইচা গোয়ালিয়াখোলা ও রোয়াজা পাড়ার বন্যাকবলিত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

সকালে সদর ইউনিয়নের রোয়াজা পাড়ার দুর্যোগ আশ্রয়কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

প্রধান অতিথি বলেন, এবারের বন্যায় বান্দরবানের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে, কারও বাড়ির ওপর পাহাড় ধসে পড়েছে, আবার কারও বসতভিটা নদীর পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সহায়তা কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী সময়ে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রকৃত ভুক্তভোগীদের হাতে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে নগদ অর্থ, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় এ সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কিছুটা স্বস্তি পায়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচ প্রু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর (সিসিএ) দোলন জোসেফ গোমেজ, স্টার্ট ফান্ড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ, গ্রাউসের চেয়ারম্যান মংথোয়াইচিং মার্মা, রেইচা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions