
বাঘাইছড়ি:- পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গরুর হাটে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি। বুধবার সকালে মারিশ্যা বাজাওে দুই গরু বিক্রেতা মলম পার্টির খপ্পরে পড়ে মোট ২ লাখ ৪১ হাজার টাকা খুঁইছে প্রতারক চক্র।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা গরু বিক্রেতা ছলিমুল্লাহ ৬১ হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি করেন। পরে প্রতারক চক্র কৌশলে তার কাছ থেকে পুরো টাকাই হাতিয়ে নেয়। তিনি বুধবার সকালে প্রতারক চক্রের খপ্পরে পড়ার পর শারীরিকভাবে দুর্বল অবস্থায় গরুর বাজারে ঘুরতে দেখে পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এছাড়াও একই কৌশলে অপর এক গরু বিক্রেতার কাছ থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, একটি চক্র ঈদকে সামনে রেখে হাটে সক্রিয় হয়েছে এবং সুযোগ বুঝে বিক্রেতাদের টার্গেট করছে।
স্থানীয় গরু ব্যবসায়ী শাহ আলম বলেন, দুই ব্যবসায়ীর কাছ থেকে সবমিলিয়ে দুই লাখ ৪১ হাজার নিয়ে গেছে প্রতারক চক্র। একজনের সন্ধান পেলেও আরেক ব্যবসায়ী বর্তমানে কোথায় আছে আমরা কেউ জানি না।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার পরপরই আমরা মোবাইল টিম পাঠিয়েছি এবং হাট এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মাঠে কাজ করছে। একই সঙ্গে নগদ টাকা বহনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।