
রিপন মারমা কাপ্তাই,রাঙ্গামাটি:- যথাযথ মর্যাদা পরিবেশে রাঙ্মাগাটির কাপ্তাই উপজেলায় ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলাম সভাপতিত্বে এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ারের সঞ্চালনায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয়গ্রন্থ পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার এক অনন্য দিন। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা পেয়েছিল। বক্তারা জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দিলদার হোসেন,কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন,কাপ্তাই থানার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারী,উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ,কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, এছাড়াও অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি কাপ্তাই উপজেলায় একটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।