
ডেস্ক রির্পোট- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (পীর চরমোনাই) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। এ দেশ আলেম-ওলামার উল্লেখ করে তিনি বলেন, এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আলেমরা সঙ্গে রয়েছেন, দেশপ্রেমিকরা সঙ্গে রয়েছেন, ইসলামপ্রেমীরা সঙ্গে রয়েছেন। গতকাল ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতে ইসলামীকে ইসলামি দল বলে, আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে। চরমোনাইর পীর বলেন, গণ অভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম অনেক ইসলামি দল প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকল, তার সঙ্গে আর কিছু দল এলো। যখন সারা দেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল।