
খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড়ে বিষপানে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জোসনা আক্তার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ইসমাইল কলোনি এলাকার আমির হোসেনের মেয়ে। সাত বছর আগে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপার বাসিন্দা জাফর আহাম্মদের সঙ্গে তার বিয়ে হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার সময় রামগড়ের নাকাপা ভাড়াবাসায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে সবার অগোচরে ঘরে রাখা ঘাস মারার কীটনাশক (বিষ) পান করেন তিনি। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি করলে স্বামী তাকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে জোসনার পিতা এসে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ই-পেপার সাবস্ক্রাইব করুন
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পিতা আমির হোসেন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।