
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির দুর্গম সাজেক এলাকায় মাদকবিরোধী জোরালো অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। উদ্ধার করা হয়েছে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,এর নির্দেশনায় সাজেক থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সাজেক থানাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্টের পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০) এবং জুপি ত্রিপুরা (৩৯)। তাদের মধ্যে তিনজন সাজেকের রুইলুই পাড়া এলাকার বাসিন্দা এবং অপরজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কার্বারী পাড়া (জামতলী) এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মাদক সরবরাহ চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে সংশ্লিষ্টরা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে তারা এই ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা যায়।