
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা ‘ফুয়েল ট্র্যাক বিডি’। জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল সরবরাহে অনিয়ম, মজুতদারি ও কালোবাজারির অভিযোগের প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে প্যানিক বায়িং নিয়ন্ত্রণের পাশাপাশি প্রকৃত ভোক্তাদের মধ্যে ন্যায্যভাবে জ্বালানি বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
‘ফুয়েল ট্র্যাক বিডি’ একটি রিয়েল-টাইম ট্র্যাকিংভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে নিবন্ধিত গ্রাহক, ফুয়েল স্টেশন ও প্রশাসন একই নেটওয়ার্কে যুক্ত থাকায় প্রতিটি লেনদেন স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা যাবে। ফলে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি অপচয় ও অপ্রয়োজনীয় ভিড় কমানো সম্ভব হবে।
এই সেবায় যুক্ত হতে আগ্রহীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে একটি কিউআর কোডসম্বলিত ডিজিটাল কার্ড পাওয়া যাবে, যা মোবাইলে সংরক্ষণ বা প্রিন্ট করে ব্যবহার করা যাবে।
জ্বালানি গ্রহণের সময় ফুয়েল স্টেশনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের তথ্য যাচাই করা হবে এবং নতুন লেনদেন তাৎক্ষণিকভাবে ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বরাদ্দ আরও পরিকল্পিত ও চাহিদাভিত্তিক করা যাবে। পাশাপাশি প্রতিটি লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় অনিয়মের সুযোগ অনেকটাই কমে আসবে।
সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগ নয়, বরং জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জেলা প্রশাসন সকল যানবাহনের মালিক ও চালকদের দ্রুত এই ডিজিটাল সিস্টেমে নিবন্ধনের আহ্বান জানিয়েছে, যাতে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হয়।