
রাঙ্গামাটি:–রাঙ্গামাটি শহরের মানিকছড়ি এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টের সামনে দিনদুপুরে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শফি নামের এক ব্যক্তিকে গুরুতর আহত করা হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও দুইজন আহত হন।
শনিবার দুপুরের দিকে মানিকছড়ি চেকপোস্ট সংলগ্ন পাহাড়ীকা স্টোরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মানিকছড়ি এলাকার মোঃ ইদ্রিসের পুত্র, সাপছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফি; পাহাড়ীকা স্টোরের মালিক জাহাঙ্গীর আলম এবং শফির ছেলে মোঃ রকি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিকছড়ি এলাকার মৃত নুরুল হক মিস্ত্রির ছেলে মোঃ সেলিমের সঙ্গে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ রয়েছে, শফি মোঃ সেলিমের কাছ থেকে লক্ষাধিক টাকা পাওনা ছিলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সেলিম ও তার ভাই, সাপছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে শফির ওপর হামলা চালান।
হামলার সময় শফিকে বাঁচাতে এগিয়ে এলে দোকান মালিক জাহাঙ্গীর আলম ও শফির ছেলে রকিকেও কুপিয়ে আহত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযুক্ত লোকমানের দাবি, প্রতিপক্ষ প্রথমে তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থেই তারা প্রতিরোধ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।