নয়া পুলিশ প্রধান আলী হোসেন ফকির

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমান আইজি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হবেন।
আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ই এপ্রিল বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বি. কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। সে বছর তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

কর্মজীবনে তিনি ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও ডিএমপির উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার নেত্রকোণা, ফেনী ও মাগুরা, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং এপিবিএন অধিনায়ক খুলনা, ঢাকা ও সিলেটের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

বর্তমানে তিনি পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়াও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। অতিরিক্ত আইজিপি’র সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যাসন্তানের জনক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions