পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আজ বিকেলে ঢাকা সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা অত্যন্ত সংবেদনশীল। এখানে অনেক সমস্যা থাকলেও আমরা আলোচনার মাধ্যমে তার সমাধান করব। আমাদের মূল লক্ষ্য হলো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়া। আগামী ১৮০ দিনের মধ্যে আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই।

দুর্নীতি ও ভূমি দস্যুদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, পাহাড়ি এলাকায় কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। দুর্নীতি ও ভূমি দস্যুদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। প্রয়োজনে কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বান্দরবানের লামা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সব উপজেলায় বাস্তবায়ন করা হবে। এলজিইডি ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমরা শুধু আনুষ্ঠানিকতার জন্য আসিনি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের মানুষের কল্যাণে বিরামহীন কাজ করতে এসেছি। ১৮০ দিনের প্রস্তাবনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ ও কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। তিনি সরকারি কাজে কৃচ্ছতাসাধন এবং বাহুল্য বর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নির্বাচনী মেনিফেস্টো অনুসরণ করে আমরা ১৮০ দিনের কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর। ৫ কোটি বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণসহ সরকারের সকল নির্দেশনা নিষ্ঠার সাথে পালন করা হবে।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions