শিরোনাম
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক

রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৬ দেখা হয়েছে

নাজিম আল হাসান, রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবনে আধুনিক চক্ষু অপারেশন বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা, আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমা। এছাড়া হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।


উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ দৃষ্টিশক্তি হারালে তার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। এ প্রেক্ষাপটে রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রম চালুর উদ্যোগকে তিনি সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমার সাহসী উদ্যোগ ও দক্ষতার প্রশংসা করেন তিনি।
সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে হলেও চক্ষু অপারেশন সেবা চালুর পরিকল্পনা ছিল। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও নৈতিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এ সেবার পরিসর আরও সম্প্রসারিত করা হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্বোধনের দিন প্রাথমিকভাবে ৫ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ২ জন রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট রোগীদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে।
অনুষ্ঠানে বক্তারা চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকল স্টাফকে চক্ষু অপারেশন কার্যক্রমকে টেকসই ও সম্প্রসারণযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


এদিকে, দীর্ঘদিন ধরে চক্ষু সংক্রান্ত জটিল চিকিৎসার জন্য রাঙ্গামাটির রোগীদের চট্টগ্রাম বা ঢাকায় যেতে হতো। স্থানীয়ভাবে আধুনিক এই সেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে বলেন, এতে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে এবং প্রত্যন্ত এলাকার মানুষও সহজে চিকিৎসাসেবা পাবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত সীমিত পরিসরে হলেও নিয়মিতভাবে চক্ষু অপারেশন কার্যক্রম চালু থাকবে এবং পর্যায়ক্রমে এর সক্ষমতা বৃদ্ধি করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions