
বান্দরবান:- উন্নয়নের নামে চলছে সড়ক নির্মাণকাজ। কিন্তু সেই উন্নয়নই এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বান্দরবান রেইছা-গোয়ালিয়াখোলা সড়কের রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ। এতে করে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। শুধু তাই নয়, কর্তৃপক্ষের যোগসাজসে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িগড়ি করে কাজ সম্পন্ন করার অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হলেও বিদ্যুতের খুঁটিগুলো সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নতুন করে তৈরি হওয়া সড়কের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। শুধু তাই নয় এই সডক নির্মাণ কাজে অনিয়ম, দুর্নীতি আখড়া বেড়াজালে বেধেছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
উপজেলা এলজিইডি তথ্যমতে, বান্দরবান এলজিইডির অর্থায়নে তিন প্যাকেজে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ইউটিমং-মিল্টন ট্রেডার্স জেভি ও এস অনন্ত বিকাশ ত্রিপুরা। তিনটি প্যাকেজের বরাদ্ধে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে সদর ইউনিয়নের রেইছা থেকে গোয়ালিয়া খোলা পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ। চলতি বছরের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথাও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বান্দরবানে রাস্তার উন্নয়ন কাজ চলছে জোরেশোরে। কিন্তু সেই উন্নয়নই যেন হয়ে উঠেছে নতুন বিপদের কারণ। সড়কের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি, আর সেই খুঁটি না সরিয়েই চলছে রাস্তার কার্পেটিং কাজ। এলজিইডি অর্থায়নে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর ইউনিয়নের রেইছা থেকে গোয়ালিয়া খোলা পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ। কিন্তু সেই উন্নয়নই যেন হয়ে উঠেছে নতুন বিপদের কারণ।
এলাকাবাসীরা জানিয়েছে, সড়ক মাঝপথে বিদ্যুতের খুটি না সরিয়ে চলছে রাস্তার কার্পেটিং কাজ। নিয়ম অনুযায়ী আগে খুঁটি সরিয়ে সড়ক নির্মাণ করার কথা থাকলেও তা না করে দায়সারা ভাবে কাজ শেষ করার চেষ্টা চলছে। ফলে সড়কটি ব্যবহার করতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও পথচারীদের। শুধু তাই নয়, কাজের মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে করে নতুন নির্মিত সড়ক অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা করছেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা।
গোয়ালিয়াখোলা এলাকার বাসিন্দা টমটম চালক সুজন মার্মা বলেন, সড়কের উপরে বিদ্যুতের খুটি এটা আমাদের জন্য অনেক বিপদজনক। রাতবিরাতে আমরা এই সড়ক দিয়ে গাড়ী চালিয়ে থাকি। সড়ক উপরে বিদ্যুতের খুটি থাকায় যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা হতে পারে। রাস্তার উপর খুটি রেখে সড়ক নির্মাণ কাজ চলছে এটা খুবই দু:খজনক এবং কর্তৃপক্ষের গাফিলতি। আমরা চাই দ্রুত সময়ে রাস্তার উপর থেকে এই বিদ্যুতের খুটি সরানো হউক।
একই এলাকার আরেক বাসিন্দা নুমং মার্মা বলেন, এদিকে রাস্তার উপর বিদ্যুতের খুটি রেখে কাজ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে খুবই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে সড়ক নির্মাণ কাজে। এতে করে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এক বছরও টেকসই হবে না বলে মন্তব্য করেন তিনি।
বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা বলেন, আমরা অনেকবার বলেছি বিদ্যুতের খুটি সরিয়ে কাজ করার জন্য। কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। এছাড়াও শুরু থেকে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদাররা। সামনের বর্ষায় নতুন নির্মিত সড়কটি ভেঙ্গেও যেতে পারে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি।
এদিকে সড়ক উপর বৈদ্যুতিক খুটি দ্রুত সরিয়ে নেয়া হবে বলে জানান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসাইন। তিনি বলেন, গত দুই- একদিন আগে এলজিইডি থেকে আমাদেরকে জানানো হয়েছিল এ বিষয়ে। কিন্তু ঈদের কারণে অনেকে ছুটিতে গেছে, পাশাপাশি বিদ্যুতের খুটি উত্তোলনের জন্য ক্রেন প্রয়োজন, সেটিও আনতে হয় চট্টগ্রাম থেকে। তাই ঈদের পর যত দ্রুত সম্ভব রাস্তার উপর থেকে বিদ্যুতের খুটি সরিয়ে নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
রাস্তার উপর খুটি রেখে কার্পেটিং করার বিষয়ে কিছুই জানেন না এলজিইডির নির্বাহী প্রকৌশলী। তবে গুনগনমান ঠিক রেখে সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জানান বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান।
তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের শেষ নেই, তবে কাজের মান খুবই ভালো হচ্ছে। বিদ্যুতের খুটির বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন এলজিইডির এই কর্মকর্তা।পার্বত্য নিউজ