
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির আসনে বাঘাইছড়ি উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে দূরবর্তী পাহাড়ের দুর্গম ৬টি ভোট কেন্দ্র দোসর, নিউলংকর, ভাইবোনছড়া, শিয়াল দাহ, তুইছুই ও বেটলিং কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাবেন হেলিকপ্টারে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জোন সদরে মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার জানান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড ব্যবহার করে বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মারিশ্যা জোনের দায়িত্বপ্রাপ্ত ২টি কেন্দ্রসহ সাজেকের ৪টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা যাবেন হেলিকপ্টারযোগে।
এছাড়াও মারিশ্যা জোন বাঘাইছড়িতে ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
জোন কমান্ডার আরও বলেন, পাহাড়ি এলাকায় ভোটারদের জানমাল নিরাপদ ও হুমকি মোকাবেলায় বিজিবি নিয়মিত টহল জোরদার করেছে। পাশাপাশি ড্রোন, উন্নত যোগাযোগ সরঞ্জাম ও নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করবে। ইতোমধ্যে ২৭ বিজিবি মারিশ্যা জোন ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে।