
স্পোর্টস ডেস্ক:- সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অর্পিতা-মুনকিরা। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটেই মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণে মনোযোগ বাড়ালেও বিরতির আগে আবার আঘাত হানে বাংলাদেশ। যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।
দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। ম্যাচের ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়াল সাত।
এর আগে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সাফে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, দুটিতেই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ আসরে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়, আর ২০২১ সালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এবারও সেই চেনা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে আরেকটি শিরোপার লড়াই অপেক্ষা করছে লাল-সবুজের কিশোরীদের।