
ডেস্ক রির্পোট:- নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ এলাকার কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরের জনসভায় তিনি এ পরিকল্পনার কথা জানান।
তারেক রহমান বলেন, ফরিদপুরবাসীর যদি সমস্যার সমাধান হয়, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে। এছাড়া বৃহত্তর ফরিদপুর কৃষি প্রধান এলাকা। পাট শিল্প এই অঞ্চলের অন্যতম প্রধান খাত। ক্ষমতায় গেলে এই পাট রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা রয়েছে বিএনপির।
আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগনপলের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি।
স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চাই, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
নারী উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর ফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে। এছাড়া হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই যেন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ছোটো অসুস্থতার চিকিৎসা দেয়া যায়।