
রাঙ্গামাটি:- প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে রাঙ্গামাটি আইটি স্কুলে চালু করা হয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব। নিজস্ব উদ্যোগে স্থাপিত এ ল্যাবে প্রতিটি শিক্ষার্থী আলাদাভাবে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ পাবে। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, ছোটবেলা থেকেই প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হলে তাদের প্রযুক্তিভীতি দূর হওয়ার পাশাপাশি সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও ডিজিটাল সক্ষমতা বাড়বে।
বুধবার (৭ অক্টোবর) রাঙ্গামাটি আইটি স্কুল প্রাঙ্গণে আধুনিক এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রা চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আইয়ুব ভূইয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমান বিশ্বে শিক্ষা ও প্রযুক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ছোটবেলা থেকেই কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞান অর্জন প্রয়োজন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এ কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
ল্যাবে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে কম্পিউটারের বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি সরাসরি কম্পিউটার ব্যবহার করে শেখার সুযোগ পাবে। ফলে শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক ও ব্যবহারিক শিক্ষার সুযোগ তৈরি হবে।
শিক্ষকরা মনে করছেন, প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়েই পরিচয় ঘটলে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তারা অন্যদের তুলনায় বেশি আত্মবিশ্বাসী হবে। একই সঙ্গে তথ্য খোঁজা, উপস্থাপন, সৃজনশীল কাজ এবং বিভিন্ন সমস্যা প্রযুক্তির মাধ্যমে সমাধানের দক্ষতাও গড়ে উঠবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আধুনিক কম্পিউটার ল্যাব চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের মতে, বইয়ে কম্পিউটার সম্পর্কে পড়ার পাশাপাশি এখন সরাসরি কম্পিউটার ব্যবহার করে শেখার সুযোগ তৈরি হয়েছে। এতে প্রযুক্তি শেখা আরও সহজ ও আনন্দদায়ক হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক পর্যায়ে প্রযুক্তি শিক্ষার ভিত্তি শক্তিশালী করা গেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ তথা আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও দ্রুত বাড়বে।
রাঙ্গামাটি আইটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু কম্পিউটার ল্যাব স্থাপনেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এর সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।