এবার ভারতকে ঘায়েলের উপায় খুঁজছে জ্যোতিরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দুবাইয়ে মঙ্গলবার রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৩৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেছে সেমিতে। একই ভেন্যুতে আজ নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। আমিরাতকে সহজে হারালেও একটা পর্যায়ে বাংলাদেশের গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রতিপক্ষ যতই দুর্বল হোক, ১০৩ রান করে কি বর্তমান টি-টোয়েন্টিতে জয়ের আশা করা যায়! বোলারদের নৈপুণ্যে এরপর বাংলাদেশ ৬৯ রানে আটকে দেয় আমিরাতকে। আজ দুবাইয়ে ছন্দে থাকা ভারতের বিপক্ষে সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং সব বিভাগেই হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত রয়েছে দারুণ ফর্মে।

দুবাইয়ে ৩৪ রানে অলিখিত কোয়ার্টার ফাইনাল জয়ের পর জ্যোতিকে জিজ্ঞেস করা হয় সেমিফাইনালের কথাও। আমিরাতের বিপক্ষে জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারা (ভারত) খুবই শক্তিশালী একটি দল। আমরা নির্দিষ্ট দিনে নিজেদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবো। ফল তো আসবেই। কিন্তু নিজেদের পুরোটা উজাড় করে দিতে হবে।’ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে। যার একটি ২০১৮ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপ ফাইনালে। বর্তমানে নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারত ও বাংলাদেশ অবস্থান করছে ৩ ও ১০ নম্বরে। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের সেরা দুইয়ে আছেন দুই ভারতীয় স্মৃতি মান্ধানা (১৫২) ও শেফালি ভার্মা (১০৪)। আর বোলিংয়ে ৮ ও ৭ উইকেট নিয়ে দুই ভারতীয় দীপ্তি শর্মা ও শ্রী চরণী। তারপরেও জ্যোতির মতো শারমিন আক্তার সুপ্তাও ভারত ম্যাচ নিয়ে আশাবাদী।

আমিরাতের বিপক্ষে ৩৪ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে সুপ্তা বলেন, ‘আপনি যদি নেতিবাচকভাবে ভাবেন, তবে এটা চাপ হতে পারে। কিন্তু ভারতের মতো দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য আনন্দের। তারা অত্যন্ত শক্তিশালী দল। আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান, তবে আপনাকে এ ধরনের দলের বিপক্ষেই খেলতে হবে। তাদের বিপক্ষে খেলাটা চাপ নয়, আমরা উপভোগ করি।’ আরব আমিরাত ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৫৫ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সপ্তম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে সুপ্তার ৪৩ বলে ৪২ রানের জুটিটাই বাংলাদেশকে ১০০ পেরোতে (১০৩/৭) সহায়তা করে। সুপ্তা ও নাহিদা করেন ৩৮ ও ১৬ রান। ব্যাটিং বিপর্যয় নিয়ে সুপ্তা বলেন, ‘সত্যি বলতে, মাঝে মাঝে এমনটা ঘটতেই পারে। আমার মনে হয়েছিল সেই পরিস্থিতিতে আমার এক প্রান্তে টিকে থাকা এবং টেল-এন্ডারদের (নিচের সারির ব্যাটার) সাথে জুটি গড়া প্রয়োজন ছিল। কারণ, শুরুতেই ৫-৬ উইকেট হারিয়ে ফেললে এগোনো অনেক কঠিন হয়ে পড়ে। কিছুটা চাপ তো ছিলই। তবে নাহিদা সে সময় দারুণ ব্যাটিং করেছে। সে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’ আমিরাত ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে সুপ্তা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত ১০০-এর বেশি রান করতে পেরেছি। আমরা জানতাম এ ধরনের দলের বিপক্ষে কীভাবে জিততে হবে। কারণ, বোলারদের ওপর বিশ্বাস ছিল।’ ৭ উইকেট নেওয়া মারুফা আক্তার এবারের এশিয়া কাপে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে তিনে। ভারতের শ্রী চরণি, পাকিস্তানের নাশরা সান্ধু ও থাইল্যান্ডের সুলিপর্ণ লাওমিরও উইকেট সাতটি। ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। দুইয়ে থাকা দীপ্তির উইকেট ৮। আর সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে থাকা বাংলাদেশের সোবহানা মোস্তারি করেছেন ৭৭ রান। ২০২৪ সালের এশিয়া কাপের সেমিফাইনালেরই পুনরাবৃত্তি হয়েছে এবার। সেবার এক সেমিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। অপর সেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল পাকিস্তান। শুক্রবার পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions