সংরক্ষিত নারী আসনে বিএনপি’র প্রার্থী তালিকা চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট;- সংরক্ষিত নারী আসনে বিএনপি’র ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড। এসব প্রার্থীর সাক্ষাৎকার নিতে শনিবার রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ইতিমধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করছে দলটি। আজই ৩৬ আসনের নারী প্রার্থীদের নাম ঘোষণা দিতে পারে বিএনপি। বিএনপি’র দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন- সাক্ষাৎকারে এমন ধারণা দেয়া হয়েছে। উচ্চশিক্ষিত ও বিগত আন্দোলন-সংগ্রামে অবদান রাখা দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয়া হয়েছে।

বিএনপি’র নীতি-নির্ধারণী ফোরামের এক নেতা জানিয়েছেন, বিএনপি’র সম্ভাব্য প্রার্থী তালিকা আগেই চূড়ান্ত করে দলের হাইকমান্ডে জমা দেয়া ছিল। তবে দু’দিনের সাক্ষাৎকারে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর নাম উঠে এসেছে। তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নারী আসনের মনোনয়ন দাখিল শেষ হবে ২১শে এপ্রিল। বাছাই হবে ২২ ও ২৩শে এপ্রিল। আপিল করা যাবে ২৬শে এপ্রিল, নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০শে এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ১২ই মে। গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপি’র মনোনয়ন বোর্ড। দু’দিনে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকারে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নিজেদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নারী নেত্রীরা। মনোনয়ন পাওয়া না পাওয়ার পরবর্তী করণীয়ও তুলে ধরেন নারী নেত্রীরা। মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার অঙ্গীকার করেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকের কাছে জানতে চান- মনোনয়ন পেলে কী করবেন, আবার না পেলে কী করবেন। এমন প্রশ্নের উত্তরে বেশির ভাগ নেত্রীই বিষয়টি তারেক রহমানের ওপর ছেড়ে দেন। তারা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন এবং দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আহ্বান জানান। এসব বৈঠকে উচ্চশিক্ষিত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড।

জানা যায়, শনিবার শেষ দিন চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions