
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া এলাকায় শ্মশানের রাস্তার পাশে জঙ্গলের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ দিকে ছাগল খাইয়া এলাকায় হিন্দুদের শ্মশান খোলায় শিশুটি রাস্তার পাশে জঙ্গলের ঝোপে পড়ে থাকা অবস্থায় দেখেন একটি ছেলে বাড়ী ফেরার পথে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। পরে কান্নার আওয়াজ লক্ষ্য করে রাস্তার পাশেই ঝোপঝাড়ের ভিতরে একটি নবজাতক শিশুকে হাল্কা কাঁথা মুড়িয়ে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিশুটিকে তুলে আনা হয়।
ধারণা করা হচ্ছে, শিশুটি সারারাত খোলা আকাশের নিচে ছিল এবং কেউ তাকে রাতের আঁধারে ফেলে রেখে যায়। শিশুটির অন্য কোনো জটিল সমস্যা দেখা যায়নি, তবে রাতে বাইরে থাকার কারণে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা গেছে। তাকে দ্রুত স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলেও জানান চিকিৎসক। বর্তমানে নবজাতক শিশু কণ্যাটি ছাগল খাইয়া এলাকার সন্ধ্যাবালা নাথ এর আশ্রয়ে রাখা হয়েছে।
স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি এখন এলাকার বাসিন্দার হেফাজতে আছে। উদ্ধারক কন্যা শিশুটিকে লালন পালন করতে আগ্রহী তারা।
এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের খবর পেয়েছি। তিনি আরও জানান, শিশুটি সুস্থ হলে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরিত্যক্ত জায়গা থেকে কন্যা শিশুটি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সংবাদ বিশ্লেষণ সেবা